গ্রিনল্যান্ডকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি ঘোষণা দিয়েছেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে একটি ভাসমান হাসপাতাল জাহাজ পাঠানো হচ্ছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির সহায়তায় একটি বড় হাসপাতাল জাহাজ সেখানে পাঠানো হবে। নিজের বার্তার সঙ্গে তিনি মার্কিন নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ইউএসএস মার্সির একটি চিত্রও যুক্ত করেন।
ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ডে অনেক অসুস্থ মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছেন না। তাঁদের সেবা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে প্রেসিডেন্টের এই ঘোষণায় কূটনৈতিক মহলে বিস্ময় ও বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ গ্রিনল্যান্ড ও ডেনমার্কে উন্নত ও জাতীয়করণকৃত স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে, যা নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।
ঘোষণার পর ড্যানিশ সরকার, গ্রিনল্যান্ডের পার্লামেন্ট থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত ডিসেম্বরে ট্রাম্প লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। ল্যান্ড্রি প্রেসিডেন্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *
