পবিত্র রমজান মাস উপলক্ষে মক্কার গ্র্যান্ড মসজিদে ওমরাহ পালনকারীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নতুন ব্যাপকভিত্তিক নির্দেশিকা জারি করেছে সৌদি আরব। ১৪৪৭ হিজরি সালের রমজানে ভিড় সামলাতে এবং শৃঙ্খলার সঙ্গে ইবাদত পালনের পরিবেশ বজায় রাখতে এই বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিশেষ করে রমজানের শেষ দশ দিনে যখন লাখ লাখ মুসল্লির সমাগম ঘটে, তখন গ্র্যান্ড মসজিদের চারপাশের কেন্দ্রীয় এলাকায় প্রচণ্ড ভিড় এড়াতে নিরাপত্তা বাহিনীর নির্দেশনা ও নির্ধারিত পথ অনুসরণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
মক্কার এই বিশাল জনস্রোত সামলাতে এবার ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। মসজিদের প্রবেশপথে থাকা ডিজিটাল নির্দেশকগুলো মুসল্লিদের নামাজের স্থানের প্রাপ্যতা সম্পর্কে তাৎক্ষণিক তথ্য দেবে, যেখানে সবুজ সংকেত থাকলে প্রবেশ করা যাবে এবং লাল সংকেত দেখলে বুঝতে হবে নির্দিষ্ট স্থানটি পূর্ণ হয়ে গেছে।
যানজট নিরসনে ব্যক্তিগত গাড়ির ওপর কড়াকড়ি আরোপ করে ওমরাহ যাত্রীদের জন্য পাবলিক বাস, ট্যাক্সি এবং হারামাইন হাই-স্পিড রেলওয়ে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। শহরের উপকণ্ঠে বিশেষ পার্কিং ও শাটল সার্ভিসের ব্যবস্থাও রাখা হয়েছে।
